মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৭

আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৭

শেয়ার

শেয়ার

বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত
বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত

আজ ১৬ ডিসেম্বর, মঙ্গলবার, রাজধানীর দক্ষিন কমলাপুরে অবস্থিত দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদীনায় সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুরের ৭৬তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন' অনুষ্ঠিত হয়।

এই মহতী সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আশেকে রাসুল প্রতিনিধিবৃন্দ, ভক্ত এবং মুক্তিকামী মানুষ অংশগ্রহণ করেন। দেশের প্রখ্যাত আলেম-ওলামা, গবেষক, ইসলামি চিন্তাবিদ ও আশেকে রাসুলগণ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সম্মেলনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, আদর্শ অনুসরণ এবং মানবকল্যাণে ইসলামের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার একমাত্র পথ হলো হযরত রাসুলুল্লাহ (সা.)-এর প্রেম হৃদয়ে ধারন করা তথা আশেকে রাসুল হওয়া।

বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলনের আহবায়ক ইমাম ড. ফজল-এ-খোদা এবং ইমাম ড. মঞ্জুর-এ-খোদা তাদের বক্তব্যে বলেন, আশেকে রাসুল হওয়া কেবল আবেগের বিষয় নয়, বরং হযরত রাসুল (সা.)-এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবভাবে প্রতিষ্ঠা করাই প্রকৃত আশেকে রাসুলের কাজ। তারা বলেন, রাসুলুল্লাহ (সা.) মানবজাতির জন্য যে শান্তি, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়ে গেছেন, তা অনুসরণ করলেই বর্তমান বিশ্বে বিরাজমান অশান্তি থেকে মুক্তি লাভ করা সম্ভব।

তারা আরও বলেন, বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলনের মূল উদ্দেশ্য হলো নবীপ্রেমকে হৃদয়ে জাগ্রত করা এবং সেই ভালোবাসাকে কর্মে রূপ দেওয়া। তারা দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নবীজির দেখানো পথে চলার আহবান জানান

দিনব্যাপী এই সম্মেলনে পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.) পরিবেশন, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Revolution24TV Footer