মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

৪০ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায়, কাঁদলেন খতিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৫

শেয়ার

শেয়ার

৪০ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায়, কাঁদলেন খতিব
৪০ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায়, কাঁদলেন খতিব

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার উত্তর দর্জিপাড়া জামে মসজিদে টানা প্রায় ৪০ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। তাঁকে ব্যতিক্রমধর্মী ও আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম নামে এক খতিবকে। ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয় আয়োজনে তাকে বাড়ি পৌঁছে দেন মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় মুসল্লিরা। বিদায়ের সময় নারী-পুরুষসহ গ্রামের মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন, অনেককে চোখের জল ফেলতেও দেখা যায়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের পর মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় বিদায় আয়োজন। বয়সজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার দীর্ঘদিনের খেদমতের স্বীকৃতি হিসেবে এ আয়োজন করা হয়।

জানা যায়, ৭৫ বছর বয়সী মাওলানা আব্দুস সালাম তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর গ্রামের বাসিন্দা এবং আফাস মুন্সির ছেলে। তিনি ১৯৮৬ সাল থেকে উত্তর দর্জিপাড়া জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

বিদায় উপলক্ষে প্রথমে ফুলসজ্জিত একটি প্রাইভেটকারে তাকে মসজিদে আনা হয়। এ সময় স্থানীয় শিশুরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয়। পরে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় তাকে সম্মাননা হিসেবে নগদ এক লাখ টাকা ও বিভিন্ন উপহার প্রদান করে আয়োজকেরা। 

এ সময় শেষবারের মতো তিনি মুসল্লিদের নিয়ে যোহরের নামাজ আদায় করেন মসজিদে।

নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সব আনুষ্ঠানিকতা শেষে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে করে মোটরসাইকেল বহরের সঙ্গে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, দীর্ঘ ৪০ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে মসজিদের খেদমত করেছেন মাওলানা আব্দুস সালাম। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্য বিদায়ী খতিব নিজেই।

মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বলেন, দীর্ঘ ৪০ বছর আমাদের মসজিদে দায়িত্ব পালন করেছেন তিনি। তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা থেকেই আমরা এই আয়োজন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন নুরুল আলা নুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান (দা.বা.), শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Revolution24TV Footer