গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীসহ তিনজনের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। এই ঘটনায় শামীম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। সে সময় ফুয়াদ, রাফি ও মিজানুর বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
অন্যদিকে, পৃথক এক ঘটনায় ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নে আলী আকবর নামে এক কৃষক গরু চরাতে গিয়ে আহত হয়েছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকস্মিক বজ্রপাতে এমন প্রাণহানিতে পুরো এলাকায় এখন শোকের আবহ বিরাজ করছে।
আরও পড়ুন:







