রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দেয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আক্কাশ আলী। তিনি ওই এলাকায় একটি টেইলার্সের দোকানে দরজির কাজ করতেন। তাঁর বাড়ি জেলার চারঘাট উপজেলা সদরের থানাপাড়া মহল্লায়।
মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আক্কাশ।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। যে ট্রাকের ধাক্কায় আক্কাশ আলী নিহত হন সেই ট্রাকে তাঁরা আগুন জ্বালিয়ে দেন। এ ছাড়া আরও একটি ড্রাম ট্রাক আটকে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পবা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া ভিডিও করার কারণে স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আলীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারে পুঠিয়া থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ। এরপর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে গেলে তাঁদেরও বাধা দেওয়া হয়। পরবর্তীকালে পরিস্থিতি শান্ত করা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
আরও পড়ুন:







