নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে আনুষ্ঠানিক অনুমতি গ্রহণের পরেই অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর, ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে, গত ২২ ফেব্রুয়ারি তিনি সেই পদ থেকে ইস্তফা দেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত ‘গ্রামীণ পরিবার’-এর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছে। গত বছরের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে। অন্তর্বর্তী সরকারের আমলে অনুমোদিত একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক নিয়াজ আহমদের দীর্ঘ অভিজ্ঞতা এই নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাঠামো গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:







