ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়। কর্তৃপক্ষ জানায়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল-এ পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ৭৪ জন শিশু ভর্তি রয়েছে।
গত ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মৃত্যুবরণ করা তিন শিশুর মধ্যে একজন গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী শিশু, একজন মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী শিশু এবং অন্যজন দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী শিশু।
চিকিৎসকদের মতে, হামের পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কোপনিউমোনিয়া এবং হার্ট ফেইলিউরের মতো জটিলতার কারণেই এসব মৃত্যুর ঘটনা ঘটছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত অধিকাংশ শিশুই গুরুতর অবস্থায় ভর্তি হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
বর্তমানে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে তিনটি মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন:







