ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) হরমুজগান প্রদেশের এই বন্দর নগরীর মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় একটি আটতলা ভবনে বিস্ফোরণটি ঘটে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, শক্তিশালী এই বিস্ফোরণে ভবনটির অন্তত দুটি তলা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। এ ছাড়া আশপাশে থাকা বেশ কয়েকটি যানবাহন ও দোকানপাট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মেহরদাদ হাসানজাদেহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় ভবনটির সামনের অংশ ধসে পড়েছে এবং সড়কে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরি মোতায়েনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় সামরিক সংশ্লিষ্টতার গুজব নাকচ করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জানায়, তাদের কোনো নৌ-স্থাপনা বা সামরিক ভবন এই বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল না।
এদিকে একই দিনে ইরানের খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে পৃথক একটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:






-6a4a63b0a2950.jpg)
-6a4a7e54a0e09.jpg)