মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

মুখোশ পরে এসে বাড়ির সামনে জামায়াত কর্মীকে গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১০:০৩

শেয়ার

শেয়ার

মুখোশ পরে এসে বাড়ির সামনে জামায়াত কর্মীকে গুলি
মুখোশ পরে এসে বাড়ির সামনে জামায়াত কর্মীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী আহত হয়েছেন। তাঁর নাম মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪)। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত দুটি অটোরিকশা তাঁদের সামনে এসে দাঁড়ায়। পরে অটোরিকশা থেকে নেমে চার থেকে পাঁচজন মুখোশধারী টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।

মাহিনের ডান হাঁটুতে দুটি গুলি লাগে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা অটোরিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত অবস্থায় বন্ধুরা মাহিনকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গুলিবিদ্ধ মাহিন জামায়াতের একজন সক্রিয় কর্মী। আমাদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসাবশত দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছে।’

জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Revolution24TV Footer