সর্বশেষ
যে ফিচারটি বন্ধ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ
মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। তবে এবার উল্টো পথে হাঁটল মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যুক্ত করা ‘অ্যাভাটার’ ফিচারটি এবার বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। মূলত ব্যবহারকারীদের মধ্যে আশানুরূপ জনপ্রিয় না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুরুতে হোয়াটসঅ্যাপ এই ফিচারটিকে ব্যাপকভাবে প্রচার করেছিল। ডিজিটাল স্টিকার ও অ্যানিমেশনের মাধ্যমে চ্যাটিংকে আরও প্রাণবন্ত ও ব্যক্তিগত করার লক্ষ্য ছিল তাদের। ব্যবহারকারীরা নিজেদের মুখের গঠন, চুলের ধরন ও পোশাকের সমন্বয়ে একটি ভার্চুয়াল চরিত্র বা ‘অ্যাভাটার’ তৈরি করতে পারতেন। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে, সময়ের সঙ্গে সঙ্গে এই ফিচারের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ আশঙ্কাজনকভাবে কমেছে। বেশিরভাগ মানুষ এখনও প্রোফাইল ছবিতে বাস্তব ছবি বা সাধারণ ইমোজি ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
রিপোর্ট অনুযায়ী, এই পরিবর্তনটি এখনই সবার জন্য কার্যকর হচ্ছে না। বরং ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এটি বন্ধ করা হচ্ছে। তবে এখন থেকে নতুন করে আর অ্যাভাটার তৈরি বা সম্পাদনা করা যাবে না। ধীরে ধীরে এই ফিচারটি অ্যাপের বিভিন্ন অংশ যেমন সেটিংস, চ্যাট ইনফো এবং কিবোর্ড থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে এটি পুরোপুরি আর দেখা যাবে না। কিছু ব্যবহারকারী এরই মধ্যেই অ্যাপে নোটিফিকেশন পাচ্ছেন যে অ্যাভাটার এডিট করার অপশন আর নেই, আবার কারও ক্ষেত্রে পুরো সেকশনটাই উধাও হয়ে গেছে।
ফিচারটি বন্ধ হয়ে গেলেও ব্যবহারকারীদের জন্য একটি স্বস্তির খবর রয়েছে। যাদের আগে থেকেই অ্যাভাটার স্টিকার তৈরি করা ছিল এবং ব্যবহারের রেকর্ড রয়েছে, তাদের সেগুলো এখনই মুছে যাচ্ছে না। ‘রিসেন্ট’ বা ‘ফেভারিটস’ সেকশনে থাকা আগের স্টিকারগুলো ব্যবহারকারীরা আগের মতোই পাঠাতে পারবেন। তবে নতুন কোনো এক্সপ্রেশন বা স্টিকার তৈরি করার সুযোগ আর থাকবে না।
হোয়াটসঅ্যাপ এখন মূলত সেই ফিচারগুলোর ওপরই বেশি বিনিয়োগ ও গুরুত্ব দিতে চাইছে, যা ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করেন।
আরও পড়ুন:






