মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

আকাশপ্রেমীদের জন্য সুখবর: জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ২০:৪৩

শেয়ার

শেয়ার

আকাশপ্রেমীদের জন্য সুখবর: জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে
আকাশপ্রেমীদের জন্য সুখবর: জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে

আকাশপ্রেমী ও জ্যোতির্বিদদের জন্য চলতি জুলাই মাসটি হতে যাচ্ছে দারুণ এক রোমাঞ্চের। এই মাসে রাতের আকাশে একের পর এক দেখা মিলবে চমৎকার সব মহাজাগতিক ঘটনার। গ্রহ-চাঁদের অপূর্ব সহাবস্থান থেকে শুরু করে চোখধাঁধানো উল্কাবৃষ্টি-সবই উপভোগ করা যাবে এই মাসে। বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী 'ন্যাশনাল জিওগ্রাফিক' চলতি জুলাইয়ের এই আকর্ষণীয় মহাজাগতিক সূচি প্রকাশ করেছে।

চলুন জেনে নেওয়া যাক চলতি মাসে রাতের আকাশে কখন কী রূপ দেখা যাবে:

ছায়াপথ ও ধূমকেতুর দেখা: জুলাইয়ের এই সময়ে রাতের আকাশ সাধারণত পরিষ্কার থাকলে আমাদের ছায়াপথ ‘মিল্কিওয়ে’র উজ্জ্বল কেন্দ্রটি খালি চোখেই স্পষ্ট দেখা যাবে। এ ছাড়া মহাকাশ গবেষকরা জানিয়েছেন, ছোট টেলিস্কোপ ব্যবহার করে এই মাসে একটি বিশেষ ধূমকেতুও দেখার সুযোগ রয়েছে।

চাঁদ ও শনির মিতালী (৭ ও ৮ জুলাই): আগামী ৭ ও ৮ জুলাই মধ্যরাতের পর পূর্ব আকাশে চাঁদ ও শনি গ্রহকে খুব কাছাকাছি অবস্থান করতে দেখা যাবে। ভোরের আলো ফোটার ঠিক আগে এই যুগলের সঙ্গে যোগ দেবে লাল গ্রহ মঙ্গল এবং ‘প্লিয়াডেস’ (কৃত্তিকা) তারামণ্ডল।

আকাশে চাঁদের ত্রিভুজ (১১ জুলাই): আগামী ১১ জুলাই ভোররাতে এক অপরূপ দৃশ্যের সাক্ষী হবে বিশ্ব। ওই দিন সকালে এক ফালি চাঁদ, মঙ্গল গ্রহ এবং প্লিয়াডেস তারামণ্ডল মিলে আকাশে একটি নিখুঁত ত্রিকোণ বা ত্রিভুজ আকৃতি তৈরি করবে। সাধারণ দূরবীন বা বাইনোকুলার দিয়ে এই দৃশ্য সবচেয়ে ভালো উপভোগ করা যাবে।

তারকা দর্শনের সেরা রাত (১৪ জুলাই): আগামী ১৪ জুলাই হচ্ছে এই মাসের অমাবস্যা। ওই রাতে আকাশে চাঁদের আলো না থাকায় চারপাশ থাকবে অন্ধকার। ফলে গভীর মহাকাশের বিভিন্ন তারা, নীহারিকা ও ছায়াপথ দেখার জন্য এই রাতটিই হবে সবচেয়ে আদর্শ সময়।

সন্ধ্যায় চাঁদ-শুক্রের দেখা (১৭ জুলাই): আগামী ১৭ জুলাই সন্ধ্যার ঠিক পর পশ্চিম আকাশে দেখা যাবে আরেক আকর্ষণ। সূর্যাস্তের পর প্রায় দুই ঘণ্টা ধরে বাঁকা চাঁদ ও উজ্জ্বল শুক্র গ্রহকে খুব কাছাকাছি অবস্থান করতে দেখা যাবে।

লৌকিক ‘বাক মুন’ (২৯ জুলাই): চলতি মাসের ২৯ তারিখে আকাশে দেখা যাবে এই মৌসুমের সবচেয়ে বড় পূর্ণিমা, যা ‘বাক মুন’ নামে পরিচিত। ২৮ ও ২৯ জুলাই-এই দুই দিন সন্ধ্যায় চাঁদকে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি বড় এবং উজ্জ্বল দেখাবে। পুরুষ হরিণের (Buck) মাথায় নতুন শিং গজানোর মৌসুমের সঙ্গে মিল রেখে আদিবাসীরা এই পূর্ণিমার নামকরণ করেছিল।

উত্তেজনার শেষভাগে উল্কাবৃষ্টি (৩০ ও ৩১ জুলাই): জুলাইয়ের শেষভাগে দেখা মিলবে সবচেয়ে আকর্ষণীয় ঘটনা ‘সাউদার্ন ডেল্টা অ্যাকুয়ারিড’ উল্কাবৃষ্টির। আগামী ৩০ ও ৩১ জুলাই ভোরের আলো ফোটার আগের কয়েক ঘণ্টায় আকাশে সবচেয়ে বেশি উল্কাপাত বা তারা খসে পড়ার দৃশ্য দেখা যাবে। শহরের কৃত্রিম আলো থেকে দূরে কোনো অন্ধকার জায়গায় দাঁড়িয়ে খালি চোখেই এই দৃশ্য উপভোগ করা সম্ভব।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকলে বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক দৃশ্যগুলোর বেশির ভাগই উপভোগ করা যাবে।

 

Revolution24TV Footer