সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন।
বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আছেন বাংলাদেশ দলের সাবেক আরেক অধিনায়ক তামিম ইকবাল। তিনিও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাকে শক্তিশালী প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
আজ (সোমবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘আমরা নিদিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি সতন্ত্র সংস্থা, এক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে। যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নানা ধরনের গুঞ্জন শোনা যায়, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে ঠিকঠাক নির্বাচন আয়োজন করার।’
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী– তিন ক্যাটাগরিতে বিসিবির পরিচালক নির্বাচিত হবেন। ২৫ সদস্যের বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাব (ক্যাটাগরি-১) থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ জন পরিচালক। ক্যাটাগরি-২ থেকে (আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিনিধি) ৮ বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলররা ভোট দিয়ে ১০ জন পরিচালক নির্বাচন করেন। ক্যাটাগরি-৩ এ একজন পরিচালক নির্বাচিত হন ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায়। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ পরিচালক। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।
আরও পড়ুন:







